Site icon Doinik Bangla News

কালবৈশাখী ঝড়ে পানির নিচে ধান, ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাসের সহায়তা দেবে সরকার।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসামসহ বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিপাতে কৃষকদের বিস্তীর্ণ ধানক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। মাঠজুড়ে জমে থাকা পানিতে বোরো ধান ও বিভিন্ন মৌসুমি ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

স্থানীয় কৃষকদের অভিযোগ, কয়েক মাসের পরিশ্রম ও ঋণ নিয়ে চাষাবাদ করলেও হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে তাদের স্বপ্ন ভেঙে গেছে। অনেক ক্ষেতের ধান কেটে ঘরে তোলার আগেই পানিতে ডুবে নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও কোথাও জমিতে হাঁটুসমান পানি জমে থাকায় দ্রুত ফসল উদ্ধার করাও সম্ভব হচ্ছে না।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে নিম্নাঞ্চলের কৃষিজমিতে জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কৃষকদের দুর্ভোগ বিবেচনায় সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের সহায়তা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা অনুযায়ী খাদ্য সহায়তা, বীজ, সার ও প্রয়োজনীয় কৃষি প্রণোদনা দেওয়া হবে।

স্থানীয় কৃষকরা দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, “ফসল নষ্ট হয়ে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। সরকার দ্রুত সহযোগিতা না করলে অনেক কৃষক ঋণের বোঝায় পড়ে যাবে।”

অন্যদিকে টানা বৃষ্টির প্রভাবে বাজারে সবজির সরবরাহ কমে যেতে শুরু করেছে। ফলে লাকসামসহ আশপাশের বাজারগুলোতে বিভিন্ন ধরনের সবজির দাম বাড়তে দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি সংগ্রহ ও পরিবহনে সমস্যা হওয়ায় বাজারে এর প্রভাব পড়ছে।

Exit mobile version