Site icon Doinik Bangla News

কুমিল্লায় পৃথক অভিযানে পিস্তল-গাঁজাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লায় র‍্যাবের পৃথক তিনটি অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-২ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমড়াতলী এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি বিশেষ দল। এ সময় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সাইফুর রহমান সৈকত (২৬) কে গ্রেপ্তার করা হয়। তিনি আমড়াতলী গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।

একই রাতে সদর দক্ষিণ মডেল থানার মাটিয়ারা পূর্ব এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব জানায়, একটি সেতুর ওপর কয়েকজন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে অবস্থান করছিল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এদিকে পৃথক আরেকটি অভিযানে সদর দক্ষিণ মডেল থানার ফুলতলি এলাকার উত্তরপাড়া জামে মসজিদের সামনে থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক কেনাবেচার সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত বস্তা তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়।

র‍্যাব-১১, কুমিল্লা জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Exit mobile version