লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও মো. অন্তর (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের সময় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত অন্তর পশ্চিমগাঁও এলাকার বাসিন্দা মো. জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মিন্টু মিয়ার মেয়ে প্রীতি (১৯) নামে এক তরুণীর সঙ্গে অন্তরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে তারা বিয়ে করেন বলে স্থানীয়রা জানান। তবে ওই বিয়ে মেয়ের পরিবার মেনে নেয়নি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টির সামাজিকভাবে নিষ্পত্তি করা হয়।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার পর থেকেই অন্তর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা ও আশপাশের লোকজন মসজিদে গেলে তিনি নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। নামাজ শেষে পরিবারের সদস্যরা ফিরে এসে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা খুলে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন বিয়ে সংক্রান্ত ও পারিবারিক বিরোধের জেরে আত্মাহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।
এদিকে, স্থানীয়রা জানান প্রেম ও পারিবারিক বিরোধের ঘটনাকে কেন্দ্র করে অন্তর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
