Site icon Doinik Bangla News

কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে মানিক মিয়া নামে বৃদ্ধা গ্রেফতার

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলায় ৬ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় মো. মানিক মিয়া (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে লাকসাম থানা পুলিশ। তিনি লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা বড় বাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন বিকেলে শিশুটি বাড়ির পাশের একটি দোকানে যায়। অভিযোগ রয়েছে, ওই দোকানের মালিক মানিক মিয়া শিশুটিকে কৌশলে দোকানের ভেতরে নিয়ে গিয়ে তার সঙ্গে শ্লীলতাহানিমূলক আচরণ করেন।

এদিকে শিশুটির মা বাড়ি ফেরার পথে দোকানের সামনে মেয়েকে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি জানার চেষ্টা করলে শিশুটি ইশারা-ইঙ্গিতের মাধ্যমে ঘটনার বর্ণনা দেয়। এতে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার পর স্থানীয় ব্যক্তিদের বিষয়টি অবহিত করা হলে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নেওয়া হয়। তবে খবর পেয়ে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে ২২ জুন শিশুটির মা বাদী হয়ে লাকসাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযানে নামে এবং মঙ্গলবার (২৩ জুন) রাতে নিজ এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, “শিশুটির পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Exit mobile version