Site icon Doinik Bangla News

জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা।

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
জাতীয় ছাত্র রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করে ‘জাতীয় ছাত্রশক্তি’-র কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (০৩ মে) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজপথের পরিচিত মুখ নাঈমুর রহমান (নাঈম ভূঁইয়া)। সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ অনিককে।

এছাড়াও কমিটির গুরুত্বপূর্ণ অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সৈকত এবং মুখ্য সংগঠক ইরফান রাজা সিয়াম।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) মহির আলমের সুপারিশের ভিত্তিতে এই কমিটি অনুমোদন করা হয়। একই সঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

নতুন কমিটির ঘোষণা ঘিরে কুমিল্লা দক্ষিণ জেলার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে সমর্থকরা শুভেচ্ছা ও প্রত্যাশা ব্যক্ত করছেন।

Exit mobile version