Site icon Doinik Bangla News

লাকসামে পানিতে ডুবে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে পানিতে ডুবে মানহা নামের দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তরদা ইউনিয়নের মামিশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মানহার পরিবারের বাড়িটি মাঠের মাঝামাঝি এলাকায় অবস্থিত। বর্ষার কারণে বাড়ির চারপাশে পানি জমে ছিল। প্রতিদিনের মতো পরিবারের সদস্যদের অজান্তে সকালে কোনো একসময় শিশু মানহা বাড়ির বাইরে চলে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পানিতে শিশুটিকে পাওয়া যায়। পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং ইসিজি করার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু মানহার মরদেহ

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় গভীর দুঃখ ও শোক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে ওই এলাকায় বাড়িঘরের আশপাশে পানি জমে থাকায় শিশুদের নিয়ে পরিবারের সদস্যদের সবসময় সতর্ক থাকতে হয়। বিশেষ করে বাড়ির আশপাশে পানি থাকায় ছোট শিশুদের একা বাইরে যেতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

মানহার মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

Exit mobile version