
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
আসন্ন উত্তরদা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বিএনপি নেতা মোনায়েম হোসেন ভূঁইয়া। শুক্রবার বিকেল ৩টায় উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক বৃহৎ মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার ঘোষণা দেন। এ সময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মোনায়েম হোসেন ভূঁইয়া বলেন, “আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। দলের আদর্শ ও জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে আসন্ন উত্তরদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। তবে বিএনপি যাকে মনোনয়ন দেবে, আমি তার পক্ষেই কাজ করবো। দল ও জনগণের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “উত্তরদা ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, যুবসমাজের কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আমি কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গঠনে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উত্তরদা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইসহাক মিয়া, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম, ইসমাইল মিয়া, আলী হোসেনসহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশী অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় উপস্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা বক্তব্যে বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি তারা শ্রদ্ধাশীল। বিএনপি যাকে মনোনয়ন দেবে, তার বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তারা বলেন, ব্যক্তিগত প্রার্থিতা থাকলেও দলীয় স্বার্থ ও সংগঠনের ঐক্যের প্রশ্নে সবাই এক ও অভিন্ন।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে উত্তরদা ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে বিএনপির নেতাকর্মীরা কাজ করে আসছেন। আগামী নির্বাচনেও জনগণের সমর্থন নিয়ে বিএনপি সমৃদ্ধ, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গঠনে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই মতামত প্রকাশ করে বলেন, দলীয় ঐক্য বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করতে সক্ষম নেতৃত্বকে সামনে আনতে হবে। সেই লক্ষ্যে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, আসন্ন উত্তরদা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম শুরু হয়েছে। ফলে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আমেজ ধীরে ধীরে জোরালো হয়ে উঠছে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.