কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক যোগাযোগ, কূটনৈতিক সম্পৃক্ততা এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সমন্বয় আরও সুসংহত করতে আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটি গঠন করেছে দলটি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে গঠিত এ কমিটি মঙ্গলবার (১১ আগস্ট) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়।
কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কমিটিতে অন্যতম সদস্য হিসেবে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লার সন্তান নাভিদ নওরোজ শাহ্।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—আলাউদ্দীন মোহাম্মদ, মাহবুব আলম মাহির, মনিরা শারমিন, এ.এস.এম. সুজা উদ্দিন, রাফে সালমান রিফাত, আয়মান রাহাত, তৌহিদ হোসেন, এ.কে. ফ্লোরা হক, মনজিলা ঝুমা, আশরেফা খাতুন ও তৌহিদ আহমেদ আশিক। তারা সবাই এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য।
নাভিদ নওরোজ শাহ্ কুমিল্লার রাজনীতিতেও সক্রিয়ভাবে যুক্ত। সর্বশেষ সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে এনসিপির প্রাথমিক মনোনয়ন পেয়ে তিনি ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেছিলেন। পরবর্তীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট গঠিত হলে তিনি ওই আসনে জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।
দলীয় সূত্রে জানা যায়, গত দেড় বছর ধরে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে এনসিপির কূটনৈতিক ও আন্তর্জাতিক যোগাযোগ তৈরিতে কাজ করছেন নাভিদ নওরোজ। নতুন উপ-কমিটিতে তার অন্তর্ভুক্তি দলের আন্তর্জাতিক যোগাযোগ ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সমন্বয় কার্যক্রমে ভূমিকা রাখার সুযোগ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নাভিদ নওরোজ শাহ্ যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মানবাধিকার আইন নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি একটি এনজিওতে আইন পরামর্শক হিসেবে কাজ করছেন। পাশাপাশি কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নতুন এই উপ-কমিটির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে এনসিপির যোগাযোগ বৃদ্ধি, কূটনৈতিক সম্পৃক্ততা জোরদার এবং বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দলের সমন্বয় আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
