Site icon Doinik Bangla News

কুমিল্লায় জলাবদ্ধতায় বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা।

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগের মধ্যে এসএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছে শিক্ষার্থীদের। মঙ্গলবার দুপুর ১২টা ১৫ মিনিটে নগরীর ঈশ্বর পাঠশালা (উচ্চ বিদ্যালয়) পরীক্ষা কেন্দ্রে দেখা যায়, কক্ষের ভেতরে পানি জমে থাকায় পরীক্ষার্থীরা বেঞ্চের ওপর পা তুলে পরীক্ষা দিচ্ছেন।

এ সময় হল পর্যবেক্ষকের দায়িত্বে থাকা এক শিক্ষিকাকেও চেয়ারের ওপর পা তুলে বসে দায়িত্ব পালন করতে দেখা যায়। এমন পরিস্থিতির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

পরীক্ষার্থীরা জানান, সকাল থেকেই কেন্দ্রের বিভিন্ন কক্ষে পানি জমে যায়। এতে পরীক্ষা দিতে গিয়ে তাদের চরম অস্বস্তি ও ভোগান্তির শিকার হতে হয়েছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেন, দীর্ঘ সময় পানির মধ্যে বসে থাকায় অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিও রয়েছে।

অভিভাবকরা বলেন, গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার কেন্দ্রে এমন পরিবেশ অত্যন্ত দুঃখজনক। দ্রুত পানি নিষ্কাশন ও শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই কেন্দ্রটির আশপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের।

Exit mobile version