Site icon Doinik Bangla News

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা কোতয়ালী মডেল থানার আওতাধীন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মোঃ রফিক (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান।

অভিযানকালে ২নং উত্তর দূর্গাপুর ইউনিয়নের ঘোরামারা এলাকার মেহরাজ স্টোরের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মোঃ রফিক লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোন্দরা গ্রামের মৃত আবু মিয়া ও মৃত জইদুরী খাতুনের ছেলে। বর্তমানে তিনি কুমিল্লা কোতয়ালী উপজেলার ঘোরামারা এলাকায় তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

গ্রেফতারের সময় উপস্থিত স্থানীয় লোকজনের সামনে তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবাগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত রফিক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version