
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে একটি সচল সরকারি শর্টগান, একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ মো. এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেলও জব্দ করা হয়।
রোববার (৩০ আগস্ট ২০২৬) ভোর ৪টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ থানাধীন নাথেরপেটুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, নোয়াখালী জেলা থেকে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে আগ্নেয়াস্ত্র নিয়ে কুমিল্লার দিকে আসছেন। পরে ওই সংবাদের ভিত্তিতে নাথেরপেটুয়া এলাকায় বিশেষ কৌশলে তল্লাশি চৌকি স্থাপন করা হয়।
ভোর ৪টার দিকে একটি সন্দেহভাজন ডিসকভার মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে ডিবি পুলিশের সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। তার দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে একটি সচল সরকারি শর্টগান, একটি দেশীয় তৈরি এলজি বন্দুক এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে অস্ত্র পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. এয়াকুব খান ওরফে বাবর নোয়াখালী জেলার সেনবাগ থানার জয়নগর গ্রামের মো. তৈয়ব খানের ছেলে।
কুমিল্লা জেলা পুলিশ জানায়, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান, পিপিএম বলেন, “কুমিল্লা জেলাকে অস্ত্র, মাদক ও অপরাধমুক্ত রাখতে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট সার্বক্ষণিক তৎপর রয়েছে। জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.