
কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের সদস্য মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে স্প্রে প্রয়োগ করে অচেতন করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ২০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।
জানা যায়, পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সংবাদ সংগ্রহ এবং নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে ওই রাতে বের হন মওদুদ আব্দুল্লাহ শুভ্র। একপর্যায়ে তিনি নগরীর কান্দিরপাড় এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাঁকে অনুসরণ করছিলেন বলে অভিযোগ রয়েছে।
পরে তিনি একটি ইজিবাইকে করে রাজগঞ্জ সড়কের দিকে যাওয়ার সময় তাঁর পাশে বসা এক ব্যক্তি হঠাৎ একটি ছোট স্প্রে তাঁর নাকের কাছে প্রয়োগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এর কিছুক্ষণ পরই তিনি অচেতন হয়ে পড়েন।
অভিযোগ অনুযায়ী, এ সময় তাঁর সঙ্গে থাকা স্যামসাং মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাঁকে বাসায় পৌঁছে দেওয়া হয়। জ্ঞান ফেরার পর তিনি ঘটনার সময়, স্থান ও পরিস্থিতি সম্পর্কে স্পষ্টভাবে কিছু স্মরণ করতে পারেননি বলে জানা গেছে।
এ ঘটনায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয়, স্প্রেতে ব্যবহৃত পদার্থের ধরন এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.