Site icon Doinik Bangla News

কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচংয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে বুড়িচং থানাধীন ময়নামতি এলাকার কাটা জঙ্গল সাকিনে বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি কুমিল্লার একটি বিশেষ টিম জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র সরকারি শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে মোটরসাইকেল বাংলাদেশে এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছে। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

রাত আনুমানিক ২টা ২৫ মিনিটের দিকে ৬টি মোটরসাইকেলে ৯ জন ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ তাদের থামার সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেন।

পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র যাচাই করা হলে তারা কোনো বৈধ রেজিস্ট্রেশন বা মালিকানাসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে মোটরসাইকেলগুলো বাংলাদেশে এনে কুমিল্লা, ফেনী, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন

১. কামিম আহম্মদ (২৮), পিতা- তোফাজ্জল হোসেন, মাতা- সোনারা বেগম, গ্রাম- কচুয়ারপাড়, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট।

২. আঃ করিম (৩০), পিতা- মনির মিয়া, মাতা- সাহিদা বেগম, গ্রাম- শাহী ঈদগা, ৩৬ নম্বর ওয়ার্ড, থানা- কোতোয়ালি, জেলা- সিলেট।

৩. সাইদুল ইসলাম (২২), পিতা- মো. শাহ আলম, মাতা- নাসিমা বেগম, গ্রাম- পুরাতন গদিগাঁও, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ।

৪. পাবেল আহম্মদ (২৬), পিতা- তরিক মিয়া, মাতা- বেদেনা বেগম, গ্রাম- নলকট, থানা- জালালাবাদ, জেলা- সিলেট।

৫. হোসাইন (২৩), পিতা- আঃ খালেক, মাতা- মিনারা বেগম, গ্রাম- নীলগাঁও, থানা- জালালাবাদ, জেলা- সিলেট।

৬. রিপন চন্দ্র দাস (২৯), পিতা- হেমেন্দ্র চন্দ্র দাস, মাতা- ফুলতারা, গ্রাম- দিরাই চান্দপুর, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ।

৭. রাজু আহম্মদ (২৮), পিতা- সালাউদ্দিন, মাতা- সালেহা বেগম, গ্রাম- চারাদিঘীরপার, ১৬ নম্বর ওয়ার্ড, থানা- কোতোয়ালি, জেলা- সিলেট।

৮. আবিদুল ইসলাম (২৮), পিতা- সাহেদ আলী, মাতা- আফিয়া বেগম, গ্রাম- তাতিকোনা, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ।

৯. কাওছার হোসেন (২৬), পিতা- তোফাজ্জল হোসেন, মাতা- সোনারা বেগম, গ্রাম- সালুটিঘর, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট।

উদ্ধারকৃত মোটরসাইকেল
অভিযানে রেজিস্ট্রেশন নম্বরবিহীন মোট ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে—নীল-সাদা রঙের একটি Yamaha R15, কালো রঙের একটি Yamaha MT15, সাদা রঙের একটি Yamaha R15, কালো রঙের একটি Yamaha MT15, কালো রঙের একটি Yamaha R15 এবং নীল রঙের একটি Yamaha R15 মোটরসাইকেল।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version