
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা আদালত এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। সর্বশেষ গত বৃহস্পতিবার আদালতের মসজিদ গলিতে এক কাজীর চেম্বারে বিয়ে পড়ানোর পর সংশ্লিষ্ট আইনজীবীর নিকট চাঁদা দাবি করে একদল বখাটে চাঁদাবাজ। এ সময় উপস্থিত জনতা একজন চাঁদাবাজকে আটক করে গণধোলাই দেয়। তবে পরিস্থিতির সুযোগে সে পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত এলাকায় নিয়মিতভাবে আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। সম্প্রতি আদালতের গেইট এলাকাতেও পকেটমার ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে বলে অভিযোগ রয়েছে।
এর আগে আদালতে পরিচালিত সামারি ট্রায়ালে কয়েকজনকে আটক করে কারাদণ্ড দেওয়া হলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। আদালতে প্রদত্ত মুচলাকায় এক আসামি স্বীকার করেছে যে, এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে আদালত সংলগ্ন কিছু দোকানদার ও স্থানীয় বখাটেরা, যারা সংঘবদ্ধভাবে এসব অপরাধ পরিচালনা করছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবার এমন ঘটনা ঘটলেও পুলিশ অনেক ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ঘটনাস্থলে উপস্থিত থাকলেও অভিযুক্তদের আটক বা আইনের আওতায় আনতে তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যায় না।
আইনজীবী ও সচেতন মহল মনে করছেন, দ্রুত সময়ের মধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে আদালত এলাকা আরও অনিরাপদ হয়ে উঠবে। তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন—চিহ্নিত চাঁদাবাজ ও তাদের সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হোক।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.