
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—কুমিল্লা নগরের আড়াইওরা খানপাড়া এলাকার রাকিব খান (২৬), একই এলাকার ইমন (২৫), শাসনগাছা এলাকার সাকিব (২৬) ও শরিফ (২৭), সংগ্রায়েস এলাকার নাহিদ (২২), বজ্রপুর এলাকার রকি (১৯), গোবিন্দপুর এলাকার ইয়াছিন (২৭), অশোকতলা এলাকার জাহিদ (২০), মুরাদনগর উপজেলার সাতমুড়া এলাকার সোহেল (২৫) এবং একই উপজেলার পাঁচপুকুরিয়া এলাকার রবিন (২১)।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। অভিযানে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত হিসেবে পুলিশের কাছে চিহ্নিত। নগরীতে অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিশেষ করে ছিনতাই, কিশোর গ্যাং, মাদকসহ বিভিন্ন অপরাধচক্রের কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নগরীর বিভিন্ন এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।
তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ছিনতাই, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.