Site icon Doinik Bangla News

কুমিল্লা পদুয়ার বাজারে বাস-ট্রেন মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪


কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত প্রায় ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিং অতিক্রম করার সময় দ্রুতগতির একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর বাসটি ট্রেনের ইঞ্জিনে আটকে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে থামে।
দুর্ঘটনার পরপরই রেলক্রসিংয়ের গেটকিপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে থাকা যাত্রীরাই এই দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মর্মান্তিক এ দুর্ঘটনায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও দুর্ঘটনাস্থলে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দ যেন মুহূর্তেই পরিণত হয়েছে বিষাদে।
প্রশাসন থেকে জানানো হয়েছে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার করা হবে।

Exit mobile version