
লাকসাম উপজেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী জননেতা আবুল কালাম সাহেব লাকসাম ও মনোহরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা (Meet the Press) অনুষ্ঠিত করেন।
সভায় শুভেচ্ছা বক্তব্যে আবুল কালাম বলেন, বিগত সময়ে অনেক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা, হুমকি ও হামলার শিকার হয়েছেন। এসব ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি নির্বাচিত হলে তার নির্বাচনী এলাকায় কোনো সাংবাদিক যেন হয়রানি, হামলা কিংবা হয়রানিমূলক মামলার শিকার না হন—সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন—
“আপনারা সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা আমার অঙ্গীকার।”
তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীরা দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার অন্যতম অংশীদার। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়। তাই তিনি নির্বাচিত হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা তাদের পেশাগত বিভিন্ন সমস্যা, দাবি ও প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে লাকসামে একটি স্বতন্ত্র প্রেসক্লাব ভবন নির্মাণের দাবি বিশেষভাবে গুরুত্ব পায়। সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে আবুল কালাম সাহেব প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় এক সাংবাদিক প্রশ্ন করেন—বিগত দিনে দেখা গেছে, অনেক এমপি বা মন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাদের আশপাশে থাকা পিএস ও এপিএসদের কারণে সাংবাদিকরা সহজে তাদের কাছে পৌঁছাতে পারেন না। ভবিষ্যতে তার ক্ষেত্রেও কি এমন পরিস্থিতি তৈরি হবে?
জবাবে আবুল কালাম বলেন, তিনি নির্বাচিত হলে সাংবাদিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ নিশ্চিত করতে তার কার্যালয়ে একটি আলাদা ‘সাংবাদিক ডেস্ক’ স্থাপন করা হবে। সেখানে দুইজনকে দায়িত্ব দেওয়া হবে, যাতে যেকোনো সময় ও যেকোনো প্রয়োজনে সাংবাদিকরা তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন।
তিনি আরও জানান, লাকসাম উপজেলার সাংবাদিকরা যেকোনো প্রয়োজনে লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নুর উল্লাহ রায়হান-এর সঙ্গেও যোগাযোগ করতে পারবেন।
এতে সাংবাদিকদের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগের একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে মতবিনিময় সভা শেষে লাকসাম ও মনোহরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.