
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক এবং জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জননেতা মোঃ আবুল কালাম এর ছোট ভাই, লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বর্তমান লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাযা আগামীকাল মঙ্গলবার দুপুর ১১ ঘটিকায় মরহুমের নিজ বাড়ি পাশাপুরে অনুষ্ঠিত হবে।
শাহ আলম দীর্ঘদিন ধরে লাকসামের রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মুদাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন সৎ, বিনয়ী ও জনবান্ধব ব্যক্তি হিসেবে তিনি সর্বস্তরের মানুষের কাছে সম্মানিত ছিলেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে লাকসাম, মনোহরগঞ্জসহ সমগ্র কুমিল্লা দক্ষিণাঞ্চলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেন। মরহুমের বাড়িতে স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর ঢল নামে। তাঁকে একনজর দেখতে এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে অসংখ্য মানুষ সেখানে উপস্থিত হন।
মোঃ শাহ আলমের মৃত্যুতে সংসদ সদস্য মোঃ আবুল কালাম গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি লাকসাম উপজেলা বিএনপি, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, শাহ আলমের মতো নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী ও জনদরদি ব্যক্তিত্বের চলে যাওয়া দল ও এলাকার জন্য এক অপূরণীয় ক্ষতি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাহ আলম ছিলেন এমন একজন নেতা, যিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতেন। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর কর্ম, সততা, মানবিকতা এবং মানুষের প্রতি ভালোবাসা দীর্ঘদিন এলাকাবাসীর হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।
মরহুমের মৃত্যুতে পুরো লাকসাম ও মনোহরগঞ্জে এক শোকাবহ পরিবেশ বিরাজ করছে। রাজনৈতিক অঙ্গনে তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন অনেকেই।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.