
লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসামের ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা চৌধুরানী জমিদার বাড়ি জাদুঘর এবং উপমহাদেশের প্রথম মুসলিম নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর জীবন ও কর্মকে কেন্দ্র করে আয়োজিত কনটেন্ট প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে শুক্রবারে। আজ (শুক্রবার) বিকেল ৩টায় নবাব ফয়জুন্নেছা চৌধুরানী জমিদার বাড়ি জাদুঘর প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম (এমপি) এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।
আয়োজকদের সূত্রে জানা গেছে, নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর জীবন, সাহিত্যচর্চা, নারীশিক্ষা বিস্তার, সমাজসেবা, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড এবং ঐতিহাসিক জমিদার বাড়ি জাদুঘরের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন প্রতিযোগী ভিডিও, প্রতিবেদন ও ডিজিটাল কনটেন্ট তৈরি করেছেন। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে এসব কনটেন্টের মধ্য থেকে একজনকে “সেরা কনটেন্ট ক্রিয়েটর” হিসেবে নির্বাচিত করা হবে।
প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের কাছে নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর অসামান্য অবদান তুলে ধরা এবং দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করা। ইতোমধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কনটেন্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্থানীয় ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে তরুণদের আগ্রহ বাড়িয়েছে।
এদিকে প্রতিযোগিতার ফলাফলকে ঘিরে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সবার মুখে এখন একটাই প্রশ্ন—কে হতে যাচ্ছেন নবাব ফয়জুন্নেছা চৌধুরানী জমিদার বাড়ি জাদুঘর সম্পর্কিত জীবনীভিত্তিক সেরা কনটেন্ট ক্রিয়েটর?
এর উত্তর মিলবে বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য পুরস্কার বিতরণ ও ফলাফল ঘোষণার মাধ্যমে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ইতিহাস, কর্ম ও অবদানকে দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.