
ইমাম প্রশিক্ষণ একাডেমি, চট্টগ্রামে ১২২৯তম দলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) একাডেমির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, ইমামগণ সমাজের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও নৈতিক পথপ্রদর্শক। ধর্মীয় মূল্যবোধের চর্চা, নৈতিকতা ও মানবিক গুণাবলির বিকাশ এবং সমাজে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মসজিদকেন্দ্রিক ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে তাঁরা মানুষের মধ্যে ন্যায়বোধ, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও দায়িত্বশীলতা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণমুখী সমাজ গঠনে ধর্মীয় নেতৃবৃন্দের ইতিবাচক ভূমিকা অপরিহার্য। সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদক ও অপরাধবিরোধী সচেতনতা সৃষ্টি এবং কুসংস্কার ও গুজব প্রতিরোধে ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
পুলিশ সুপার ধর্মীয় অনুশাসনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহমর্মিতা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং একটি সম্প্রীতিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে আরও কার্যকর ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম, প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী ইমামদের হাতে সনদ তুলে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.