
শ্রমিক অফিসে ডেকে মারধরের অভিযোগে,লাকসামে মানববন্ধন
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে সিএনজি স্ট্যান্ডে কথিত অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদ করায় ফখরুল ইসলাম সুমন নামে এক চালককে শ্রমিক অফিসে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে লাকসাম বাইপাস এলাকার নাঙ্গলকোট সিএনজি স্ট্যান্ডে মানববন্ধন করেছেন সাধারণ সিএনজি চালক ও শ্রমিকরা।
মানববন্ধন থেকে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধের দাবি জানানো হয়।
ভুক্তভোগী চালক ফখরুল ইসলাম সুমনের অভিযোগ, গত ১৫ সেপ্টেম্বর নাঙ্গলকোট রুটে সিএনজি চালানোকে কেন্দ্র করে চাঁদা আদায়কারী হিসেবে পরিচিত চান মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি সমাধানের কথা বলে তাকে সিএনজি শ্রমিক অফিসে ডেকে নেওয়া হয়।
সুমনের দাবি, সেখানে পৌঁছানোর পর কথাবার্তার একপর্যায়ে চান মিয়াসহ কয়েকজন তাকে এলোপাতাড়ি মারধর করেন। হামলায় তার মাথা, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী চালক লাকসাম থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ফখরুল ইসলাম সুমন বলেন, “অন্যায়ের প্রতিবাদ করায় আমাকে এভাবে রক্তাক্ত করা হয়েছে। স্ট্যান্ডে নতুন গাড়ি নামাতে হলে ১ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত অবৈধ চাঁদা দিতে হয়। সাধারণ চালকদের ওপর এ অত্যাচার বন্ধের দাবি তোলায় আমার ওপর হামলা চালানো হয়েছে।
তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে স্থানীয় সংসদ সদস্য আবুল কালামের সরাসরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।
মানববন্ধনে অংশ নেওয়া চালক ও শ্রমিকরা অভিযোগ করেন, পরিবহন খাতে কর্মরত সাধারণ চালকদের নানা ধরনের অর্থনৈতিক চাপের মুখে পড়তে হচ্ছে। স্ট্যান্ডে কথিত চাঁদা আদায়ের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বক্তারা বলেন, একজন চালক অন্যায়ের প্রতিবাদ করায় হামলার শিকার হলে তা পুরো শ্রমিক সমাজের জন্য উদ্বেগের বিষয়। তাই দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জরুরি।
এ সময় তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং নাঙ্গলকোট সিএনজি স্ট্যান্ড থেকে সব ধরনের অবৈধ চাঁদা আদায় স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.