
লাকসামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি করা হবে এবং পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়েও খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। তিনি বলেন, যুবসমাজকে দক্ষ, যোগ্য ও কর্মক্ষম জনশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। নতুন প্রজন্মকে মাদক ও আসক্তি থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের পাশাপুর এলাকায় মো. আবুল কালাম হাই স্কুল অ্যান্ড কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নতুন প্রজন্মকে সুস্থ ও আসক্তিমুক্ত রাখার প্রত্যাশা ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আগামী বাংলাদেশে আমাদের সন্তানদের সুস্থ হিসেবে দেখতে চাই। খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত খেলার মাঠে নিয়ে আসার চেষ্টা চলছে। এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হবে এবং একটি আসক্তিমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ করা প্রয়োজন। প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়ে মাঠ নির্মাণের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ সৃষ্টি হবে।
বক্তব্যে বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের স্মৃতিচারণা করে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে মামলা-হামলা, রিমান্ডে নির্যাতন ও গুলিবিদ্ধ হওয়ার ক্ষত নিয়েই তাঁরা কাজ করে যাচ্ছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং বিরোধী দলসহ সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদকে আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না। পুলিশ প্রশাসন, মন্ত্রিপরিষদ ও সাধারণ মানুষ এখন ঐক্যবদ্ধ। যারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির দিবাস্বপ্ন দেখছে, বাংলাদেশের মানুষ তাদের আর কখনো স্থান দেবে না।’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম। কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রোজী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপাত জাহান, লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী, মনোহরগঞ্জ থানার ওসি মাকসুদ আহমেদ, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের উদবাতুল বারী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিপি ওয়াসিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি আবুল হাসেম মানু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় বিপ্লব ভট্টাচার্যসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও মেধাবৃত্তি বিতরণ করা হয়।
এরপর প্রতিমন্ত্রী বামন্ডা এলাকায় বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করেন। এ সময় প্রকল্পের কার্যক্রম ও সম্ভাবনা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে অবহিত হন।
বিকেলে লাকসাম উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর শিশু-কিশোরদের স্টেজ ডিসপ্লে ও মার্শাল আর্ট প্রদর্শনী। এতে ক্ষুদে খেলোয়াড়দের শারীরিক কসরত, দক্ষতা ও মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
দিনের অন্যতম আকর্ষণ ছিল লাকসাম উপজেলা ফুটবল একাদশ বনাম মনোহরগঞ্জ উপজেলা ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। প্রতিমন্ত্রী আমিনুল হকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ খেলায় লাকসাম উপজেলা ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করে। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো ম্যাচটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। দুই উপজেলার খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিজেই। এ সময় লাকসাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে গঠিত ক্রীড়া ক্লাবগুলোর মধ্যেও খেলার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এ সফর লাকসাম ও মনোহরগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। বিশেষ করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ নির্মাণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ বাস্তবায়িত হলে তৃণমূল পর্যায়ের খেলোয়াড়রা নিজেদের প্রতিভা বিকাশে আরও বেশি সুযোগ পাবেন
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.