
নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দিতে রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৭২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি দল। সাব-ইন্সপেক্টর রেজওয়ানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালানো হয়। এ সময় রোগী পরিবহনের আড়ালে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৭২ বোতল স্কাফ সিরাপ উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া কাজীবাড়ি এলাকার মো. নাহিদ (২৬), পিতা মো. শহিদুল্লাহ এবং একই উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরগোড়া ইদ্রিস চেয়ারম্যান বাড়ি এলাকার আব্দুর রহিম মুন্না (২৬), পিতা আবু জাফর।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
রোগী পরিবহনের মতো জরুরি সেবার আড়ালে অ্যাম্বুলেন্স ব্যবহার করে মাদক পাচারের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদক ও জব্দ করা অ্যাম্বুলেন্সের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.