
থানা ভাংচুর করে পালিয়ে যাওয়া অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় সন্দেহভাজন হিসেবে ২৮ কিশোরকে আটকের পর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে থানার একটি কক্ষের দরজা ও আসবাবপত্র ভেঙে ২২ কিশোর বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় থানার সামনে আটক কিশোরদের স্বজন ও স্থানীয় লোকজনের ভিড় জমে যায়। পরে কয়েকজন কিশোর থানার সামনে অবস্থান নিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল থেকেই আটক কিশোরদের স্বজন ও স্থানীয় লোকজন দাউদকান্দি মডেল থানার প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। তাদের দাবি, আটক কিশোরদের অনেকের বিরুদ্ধে পুলিশের অপরাধসংক্রান্ত রেকর্ডে কোনো অভিযোগ নেই। এ নিয়ে স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
পরে থানার একটি কক্ষে আটক থাকা কিশোরদের কয়েকজন একপর্যায়ে চেয়ার-টেবিল ও দরজা ভাঙচুর করে বাইরে বেরিয়ে আসে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তাদের একটি অংশ থানার সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনাস্থলে এসে হ্যান্ডমাইকে বক্তব্য দেন। তিনি উপস্থিত কিশোরদের স্বজন ও স্থানীয় লোকজনকে শান্ত থাকার আহ্বান জানান।
ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন তেমন কিছু হয়নি। অপ্রয়োজনে ঘোরাফেরার কারণে সন্দেহভাজন হিসেবে ২৮ জনকে আটক করা হয়েছিল। তাদের স্বজনরা একসঙ্গে আসায় একটু ভিড় হয়। রাত সাড়ে ১০টার দিকে ২২ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে বাকি ছয়জনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের অভিযানে নেতৃত্ব দেওয়া সদস্যদের ভাষ্য, আটক কিশোরদের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে সন্দেহ থাকায় তাদের থানায় আনা হয়েছিল। তাদের আগের কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
এদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকার বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। অভিযানে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের আগের কোনো অপরাধে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
কিশোর গ্যাংয়ের সদস্যরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সে লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.