
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক বাংলা নিউজের সম্পাদক ও প্রকাশক মওদুদ আব্দুল্লাহ শুভ্র সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে তাঁর ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
জানা যায়, রাতে একটি রিকশায় করে বাসায় ফেরার সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল রিকশাটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অথবা সম্ভাব্য ব্রেকের সমস্যার কারণে রিকশার পেছনে আঘাত করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় সামনে থাকা আরেকটি রিকশার সঙ্গে ধাক্কা লাগলে চাপের মুখে পড়ে যান মওদুদ আব্দুল্লাহ শুভ্র।
দুর্ঘটনায় তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। বিশেষ করে আগে অস্ত্রোপচার হওয়া ডান হাতে গুরুতর ব্যথা অনুভব করছেন তিনি। শরীরের কিছু অংশ থেঁতলে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হামলা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আহত সাংবাদিক। তাঁর দাবি, গত এক বছর ধরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একাধিকবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তিনি। এসব ঘটনায় একাধিক মামলাও করেছেন। তবে মামলা করার পরও হামলা ও হয়রানি বন্ধ হয়নি বলে অভিযোগ তাঁর।
সর্বশেষ এ দুর্ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। তবে মোটরসাইকেলটি কী কারণে রিকশায় ধাক্কা দিয়েছে এবং এর পেছনে কোনো পরিকল্পনা ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দৈনিক বাংলা নিউজ পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক মওদুদ আব্দুল্লাহ শুভ্রর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.