
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক মাটি কাটার শ্রমিককে হাত-পা বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে লাকসাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন সবুজের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত জহির উদ্দিন সবুজ।
ভুক্তভোগী মোঃ রবিউল হোসেন (৪০), পিতা- সোলেমান মিয়াজি, গ্রাম- আতাকরা, জানান— কয়েক দিন আগে মাটি কাটার কাজের বাবদ তার কাছে ৩ হাজার ৭০০ টাকা পাওনা ছিল। দীর্ঘদিনেও টাকা পরিশোধ না করায় তিনি বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশুর কাছে বিচার দেন। এতে ক্ষুব্ধ হয়ে জহির উদ্দিন সবুজ তাকে বিভিন্নভাবে হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগ অনুযায়ী, শনিবার সন্ধ্যায় পুনরায় কাজ দেওয়ার কথা বলে তাকে ডেকে নেওয়া হয় জহির উদ্দিন সবুজের বাড়িতে। সেখানে নিয়ে তার হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর রবিউল হোসেন বাদী হয়ে লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি ন্যায়বিচার ও অভিযুক্তের শাস্তি দাবি করেছেন।
ভুক্তভোগীর পরিবার ও স্বজনরা বলেন, “পাওনা টাকা চাইতেই যদি এমন নির্যাতনের শিকার হতে হয়, তাহলে সাধারণ শ্রমিকরা কোথায় যাবে?” তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও ঘটনাটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীরাও এ ঘটনায় হতবাক।
এমন ঘটনায় বিএনপি নেতা কর্মীদের মাঝেও প্রতিক্রিয়া দেখা গেছে বলে জানা গেছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত জহির উদ্দিন সবুজের কোন বক্তব্য পাওয়া যায়নি।
লাকসাম থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.