
নির্বাচন কমিশনের কড়া নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক | ৮ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের নতুন নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ (চারশ) গজ ব্যাসার্ধের মধ্যে কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুরক্ষা টিমের দুইজন সদস্য ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না, বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলা হয়েছে । ভোটকেন্দ্রের ভেতরে ও আশপাশে মোবাইল ফোন বহন বা ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনকালীন সময় ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, ভোটের গোপনীয়তা নিশ্চিত করা এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।
নির্বাচনী পরিবেশ সুরক্ষায় নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। তাদের মতে, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ থাকলে ছবি তোলা, ভিডিও ধারণ বা ভোটের গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি কমবে। এতে করে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.