
নিরাপদে সাজেক পার হলো ৪ হাজার পর্যটক
স্টাফ রিপোর্টারঃ
রাঙামাটির সাজেকের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।
এদিকে, সড়ক অবরোধের কারণে সাজেকে আটকা পড়েন বিপুলসংখ্যক পর্যটক। তাঁদের নিরাপদে বের করে গন্তব্যে পৌঁছে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্যোগ নেয়। পরে যৌথ বাহিনীর নিরাপত্তায় প্রায় ৪ হাজার পর্যটককে খাগড়াছড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয় বলে জানা গেছে।
পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান, অবরোধকারীরা উজোবাজার এলাকায় অবস্থান নেওয়ায় পর্যটকেরা সেখান থেকে বের হতে পারছিলেন না। পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবরোধকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান।
তবে এ সময় অবরোধকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে সেনাবাহিনী ও পুলিশের কয়েকজন সদস্য আহত হন বলে জানান পুলিশ সুপার।
পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গুলি ছোড়েন। জবাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।
সাজেকে সড়ক অবরোধের কারণে দীর্ঘ সময় আটকে থাকা পর্যটকদের নিরাপদে বের করে আনা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর যৌথ বাহিনীর নিরাপত্তায় প্রায় ৪ হাজার পর্যটককে খাগড়াছড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।
সাজেক দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। সেখানে সড়ক অবরোধ ও গোলাগুলির ঘটনায় পর্যটকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় আটকে পড়া পর্যটকদের নিরাপদে বের করে আনার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
তবে এ ঘটনায় আহত হন নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যদ গোলাগুলিতে অন্য কেউ হতাহত হয়েছেন কি না এবং অবরোধের পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.