
নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর শুরু, আধা ঘণ্টায় শেষ—কার্যকারিতা নিয়ে প্রশ্ন
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লাকসাম থানা পুলিশের উদ্যোগে উত্তরদা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে বিকেল ৪টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও স্থানীয়দের দাবি, নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর বিকেল ৬টার দিকে কার্যক্রম শুরু হয়। পরে সংক্ষিপ্ত পরিসরে সমাবেশ ও র্যালি শেষ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, অনুষ্ঠানের প্রধান অতিথি লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলীর উপস্থিতিতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ে কর্মসূচি শুরু করা সম্ভব হয়নি। ফলে আলোচনা সভা ও র্যালির কার্যক্রমও স্বল্প সময়ের মধ্যে শেষ করতে হয়েছে বলে তারা জানান।
এদিকে মাত্র অল্প সময়ের মধ্যে এমন গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি শেষ করায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি। তাদের মতে, শুধু আনুষ্ঠানিকতা, বক্তব্য ও ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ না রেখে মাদক নির্মূলে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও ধারাবাহিক ভূমিকা প্রয়োজন।
তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আরও শক্ত অবস্থান নিতে হবে। নিয়মিত অভিযান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং তরুণদের সচেতন করার কার্যক্রম জোরদার করা প্রয়োজন। শুধু স্বল্প সময়ের কর্মসূচি আয়োজন করে এর স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও তারা মনে করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরদা ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.