
এমপি আবুল কালামের হস্তক্ষেপে স্বস্তি ফিরল কৃষকদের মাঝে
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের নাড়িদিয়া গ্রামে বৈরুলা খালের ওপর নির্মিত দীর্ঘদিনের অবৈধ বাঁধ উচ্ছেদের মধ্য দিয়ে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সংসদ সদস্য আবুল কালামের সরাসরি হস্তক্ষেপ ও উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে বহুদিনের একটি সমস্যার সমাধান হওয়ায় আনন্দিত হয়েছেন দুই ইউনিয়নের হাজারো কৃষক ও সাধারণ মানুষ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৈরুলা খালটি উত্তরদা ইউনিয়ন ও গোবিন্দপুর ইউনিয়নের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন পথ। খালটি দিয়ে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত নেমে যাওয়ার কথা থাকলেও, বিগত কয়েক বছর ধরে খালের ওপর অবৈধ বাঁধ নির্মাণের কারণে স্বাভাবিক পানিপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।
অভিযোগ রয়েছে, পূর্বে প্রভাবশালী আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিছু ব্যক্তি মাছ চাষের উদ্দেশ্যে খালের ব্রিজের নিচে ইট দিয়ে দেওয়ালের কাঠামো তৈরি করে অবৈধভাবে বাঁধ নির্মাণ করেন। এর ফলে খালের পানি আটকে গিয়ে আশপাশের বিস্তীর্ণ কৃষিজমি বর্ষা মৌসুমে জলাবদ্ধ হয়ে পড়তো। এতে কৃষকদের ফসল নষ্ট হতো এবং তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন। অনেক ক্ষেত্রে কৃষকরা তাদের নিজস্ব জমিতে চাষাবাদ করতে না পেরে অসহায় হয়ে ক্ষতির মুখে পড়েন।
শুধু তাই নয়, স্থানীয়দের অভিযোগ—খাল দখল করে জোরপূর্বক মাছ চাষ পরিচালনা করা হতো এবং খাল থেকে সাধারণ মানুষ মাছ ধরার অধিকার থেকেও বঞ্চিত হতেন। এতে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমে উঠলেও প্রভাবশালীদের কারণে কেউ মুখ খুলতে সাহস পাননি।
পরবর্তীতে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতারা এলাকা ছেড়ে গেলে পরিস্থিতির পরিবর্তন আশা করা হলেও, অভিযোগ ওঠে—স্থানীয় কিছু বিএনপি নেতা একই পদ্ধতিতে খাল দখল করে মাছ চাষ শুরু করেন। এতে করে সাধারণ কৃষক ও এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়ে যায়।
অবশেষে নিরুপায় হয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা স্থানীয় সংসদ সদস্য আবুল কালামের শরণাপন্ন হন। তারা খাল দখলমুক্ত করে স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করার দাবি জানান এবং জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তি চান।
এ প্রেক্ষিতে শনিবার (১৭ এপ্রিল) এমপি আবুল কালাম সরেজমিনে নাড়িদিয়া গ্রামে উপস্থিত হন। তিনি প্রথমে খালের অবস্থা পরিদর্শন করেন এবং পরে দুই ইউনিয়নের স্থানীয় কৃষক, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা সভায় বসেন।
সভায় উপস্থিত সবাই খালটির গুরুত্ব তুলে ধরেন এবং অবৈধ বাঁধ অপসারণের পক্ষে মত দেন। সবার মতামতকে গুরুত্ব দিয়ে এমপি আবুল কালাম তাৎক্ষণিকভাবে বাঁধ উচ্ছেদের সিদ্ধান্ত নেন।
পরে তার সরাসরি তত্ত্বাবধানে স্ক্যাভেটর দিয়ে অবৈধ বাঁধটি ভেঙে ফেলা হয়। এ সময় বিপুল সংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন। বাঁধ ভেঙে পানি প্রবাহ স্বাভাবিক হতে শুরু করলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে এবং তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকেই এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিছিল করেন।
উচ্ছেদ কার্যক্রম শেষে এমপি আবুল কালাম বলেন,
“খাল দখল, অবৈধ বাঁধ নির্মাণ কিংবা কৃষকের জমি দখল—এসব কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই নীতিকে সামনে রেখে আমরা কাজ করছি। এক ফসলি জমিকে কিভাবে তিন ফসলি জমিতে রূপান্তর করা যায়, সেটিই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে লাকসাম উপজেলার সকল খাল দখলমুক্ত করা হবে এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উৎপাদন বৃদ্ধি করা হবে। পাশাপাশি চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহম্মদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু ও টিআর হারুন, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নুরুন্নবী মহসিন, সদস্য সচিব সাখাওয়াত হোসেন, সাবেক আহ্বায়ক জহির উদ্দিন সবুজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
উল্লেখ্য, উচ্ছেদ করা বাঁধসংলগ্ন কিছু মাছের প্রকল্পে বর্তমানে মাছ বিদ্যমান রয়েছে। এসব মাছ বিক্রি করে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ন্যায্যভাবে বণ্টনের জন্য এমপি আবুল কালাম একটি কমিটি গঠনের নির্দেশ দেন।
স্থানীয়রা জানান, উত্তরদা ইউনিয়নের বিভিন্ন এলাকায়, বিশেষ করে মনপাল গ্রামে খাল দখলের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় প্রতিবছরই বন্যা ও জলাবদ্ধতা দেখা দেয়। তাই তারা দ্রুত এসব খাল দখলমুক্ত করার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
এলাকাবাসীর আশা, বৈরুলা খালের এই অবৈধ বাঁধ অপসারণের ফলে আসন্ন বর্ষা মৌসুমে পানি দ্রুত নিষ্কাশন হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষিজ উৎপাদন বৃদ্ধি পাবে। একই সঙ্গে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে কৃষকরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন।।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.