
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আল আমিন ইনস্টিটিউটের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আল হেদায়া মাদ্রাসার সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী পৃথক আয়োজনে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ নুর উল্লাহ রায়হান সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক সহ আল আমিন ইনস্টিটিউট এবং আল হেদায়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আল আমিন ইনস্টিটিউটের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন সংসদ সদস্য আবুল কালাম। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভালো ফলাফল ও শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় আবুল কালাম বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

পরে তিনি প্রতিষ্ঠানের অবকাঠামোগত বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। প্রতিষ্ঠানটির ভালো ফলাফলের সঙ্গে তুলনা করে বর্তমান ভবনের সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে নতুন ভবনের প্রয়োজন রয়েছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জায়গার ব্যবস্থা করতে পারলে সরকারের পক্ষ থেকে নতুন ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এর আগে দুপুরে আল হেদায়া মাদ্রাসার সবক অনুষ্ঠানে অংশ নেন সংসদ সদস্য আবুল কালাম। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তাঁর কাছে তুলে ধরেন। বিশেষ করে নতুন ভবন নির্মাণের দাবি জানানো হলে তিনি মাদ্রাসাটির উন্নয়নে নগদ ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে আবুল কালাম বলেন, শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করতে হবে। শিক্ষার্থীরা ভালো ফলাফল করলে তাদের প্রয়োজনীয় সহযোগিতার ক্ষেত্রে তিনি পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় তিনি বাল্যবিবাহ বন্ধ ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং এসব সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেন।
আল হেদায়া মাদ্রাসার সবক অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তারা মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
পরে আল আমিন ইনস্টিটিউটের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য আবুল কালাম। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের পুরস্কার বিতরণী আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের সাফল্য আরও বাড়বে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.