
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা শাখার উদ্যোগে শিশুদের জন্য বিনামূল্যে সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবিক ও সেবামূলক এ আয়োজনে প্রাথমিকভাবে ৩০০ শিশুর খৎনা করানোর ব্যবস্থা রাখা হলেও উপস্থিতি বেশি হলে অতিরিক্ত শিশুদেরও সেবা দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
শনিবার (২৯ আগস্ট) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি সুন্নাতে খৎনা ক্যাম্পের আয়োজন করা হয়। বিদ্যালয়ের একটি বড় কক্ষে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়। শিশুদের সুশৃঙ্খলভাবে চিকিৎসা সেবা দিতে সেখানে মোট ৯টি বুথ করা হয়।
আয়োজকরা জানান, কর্মসূচিতে প্রাথমিকভাবে ৩০০ জন শিশুর বিনামূল্যে সুন্নাতে খৎনা করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে নির্ধারিত সংখ্যার চেয়ে উপস্থিতি বেশি হলে কাউকে ফিরিয়ে না দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য অতিরিক্ত প্রস্তুতিও রাখা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সেক্রেটারি, কুমিল্লা জেলা দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন লাকসাম পৌরসভার মেয়র পদপ্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং জজ কোর্ট, কুমিল্লার আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সুজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমির জনাব জয়ানাল আবেদীন পাটোয়ারী।
লাকসাম পৌরসভার গাজীমুড়া এলাকা থেকে আসা মো. রাহাত হোসেনের (০৭)পরিবারের সদস্যরা এ আয়োজনের প্রশংসা করেন। তারা জানান, ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচির খবর শুনে তারা আগেই রেজিস্ট্রেশন করেন। পরে নির্ধারিত দিনে শিশুটির সুন্নাতে খৎনা সম্পন্ন করা হয়।
খৎনা শেষে শিশুটির হাতে তুলে দেওয়া হয় একটি গিফট প্যাকেট। এতে ছিল নতুন লুঙ্গি, পাঞ্জাবি, গামছা, চকলেট ও প্রয়োজনীয় ওষুধ। উপহার পেয়ে শিশুটিও বেশ আনন্দিত হয়। এবং শিশুটি হাসিমুখে হেটে বাসায় চলে যায়।
অভিভাবকরা বলেন, সম্পূর্ণ বিনামূল্যে এবং ব্যথামুক্তভাবে সন্তানের সুন্নাতে খৎনা করাতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে খৎনা শেষে প্রয়োজনীয় সামগ্রীসহ উপহার দেওয়ায় শিশুটির আনন্দও বেড়ে গেছে। সাধারণ মানুষের জন্য এমন ব্যতিক্রমী ও মানবিক আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে বলেও তারা উল্লেখ করেন।
লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের সেবা করাই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করতে চায়।
তিনি বলেন, সাধারণ মানুষের সেবায় আমরা সবসময় কাজ করে যেতে চাই। মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানো এবং সমাজের অসচ্ছল মানুষের সহযোগিতায় এগিয়ে আসাই আমাদের লক্ষ্য।
আয়োজকদের মতে, শিশুদের বিনামূল্যে সুন্নাতে খৎনা করানোর পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধ ও উপহার সামগ্রী দেওয়ার মাধ্যমে আয়োজনটিকে আরও আনন্দময় ও সেবামুখী করার চেষ্টা করা হয়েছে। উপস্থিতির সংখ্যা বেশি হলেও যাতে কোনো শিশু সেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.