Site icon Doinik Bangla News

লাকসামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য সিনিয়র শিক্ষক খবির আহমেদ মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
শুক্রবার (২১ আগস্ট) রাতে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহকর্মী, শিক্ষার্থী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় শিক্ষাঙ্গন ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

খবির আহমেদ ছিলেন লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ও অভিভাবক। সদালাপী, বিনয়ী, নম্র-ভদ্র ও জনপ্রিয় শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের কাছে অত্যন্ত পরিচিত ও প্রিয় ছিলেন।

স্বজন ও পরিচিতরা জানান, গত রবিবারও তিনি সাবলীলভাবে ফুটবল খেলেছেন। এত অল্প সময়ের ব্যবধানে তাঁর আকস্মিক মৃত্যুতে অনেকেই হতবাক ও শোকাহত। তাঁর মৃত্যু যেন স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে এখনো অবিশ্বাস্য।

খবির আহমেদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তাঁর সহকর্মী, সাবেক শিক্ষার্থী,রাজনৈতিক ব্যাক্তিবর্গ, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া চাইছেন স্বজনেরা।
একই সঙ্গে তাঁর স্ত্রী রেহানা বেগমসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দানের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

Exit mobile version