
আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও ট্যাক্স কমানোর দাবি ব্যবসায়ীদের
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী দৌলতগঞ্জ মাছ বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, বাজারের পরিবেশ উন্নয়ন ও ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দৌলতগঞ্জের সততা মৎস্য আড়তে দৌলতগঞ্জ মাছ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাছ বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ী, আড়তদার এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় মাছ বাজারের ব্যবসায়ীরা তাঁদের নানা সমস্যা তুলে ধরেন। বিশেষ করে বাজারের স্যাঁতসেঁতে পরিবেশ, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে একটি আধুনিক টয়লেট ও ড্রেন নির্মাণের দাবি জানান ব্যবসায়িরা
এ ছাড়া বাজারে দৈনিক আদায় করা অতিরিক্ত ট্যাক্সের কারণে বাইরের পাইকারদের আগমন কমে যাচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। তাঁরা বাজারের ট্যাক্স কমানোসহ ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী মোশারফ হোসেন মুশু।
সভায় সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সততা মৎস্য আড়তের মালিক হাজী জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান ফারুক। আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুজ্জামান পাটোয়ারী, পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু, মাছ বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং আড়তদাররা।
প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন মুশু বলেন, এমপি আবুল কালাম সাহেবের সঙ্গে কথা বলে আপনাদের সব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি লাকসাম পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে আপনাদের খেদমত করতে পারি।
লাকসাম উপজেলা যুবদলের আহ্বায়ক ও আড়তদার মো. জিল্লুর রহমান ফারুক বলেন, “আমরা প্রতিবছর সরকারকে অনেক টাকা ট্যাক্স দিচ্ছি। বাজারে দৈনিক অতিরিক্ত ট্যাক্সের কারণে বাইরের পাইকাররা কম আসেন। আমরা চাই, আমাদের বাজারের ট্যাক্স কমিয়ে দেওয়া হোক।”
সভাপতির বক্তব্যে হাজী জসিম উদ্দিন ব্যবসায়ীদের বাজারের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের রাস্তার ওপর মাছের বাজার না বসানোর অনুরোধ করেন।
তিনি বলেন, “আপনারা দয়া করে রাস্তার ওপর কোনো বাজার বসাবেন না। এর কারণে আমাকে প্রতিনিয়ত প্রশাসনের কথা শুনতে হয়। পরবর্তীতে কারও মাছের ডালা নিয়ে গেলে ব্যবসায়ী সমিতি থেকে আর কোনো সহযোগিতা করা হবে না।”
সভায় ব্যবসায়ীদের সমস্যা সমাধান, বাজারের পরিবেশ উন্নয়ন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়ন এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.