
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে গভীর রাতে বসতঘরে ঢুকে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার মামলার আসামি দিদার হোসেন (৩০)কে গ্রেপ্তার করেছে লাকসাম থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে লাকসাম পৌরসভার বাইপাস এলাকা থেকে দিদারকে গ্রেপ্তার করে লাকসাম থানা পুলিশ। তিনি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাতঘর ইছাপুরা গ্রামের নুরু মিয়ার ছেলে।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ভোরে এক নারীর বসতঘরে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। এতে তাঁর মুখ, গলা, বুক, পেট, পিঠ ও পায়ে গুরুতর জখম হয়। এ সময় তাঁর সাত বছর বয়সী মেয়েকেও লাথি মেরে আহত করার অভিযোগ রয়েছে।
পরে স্বজনরা আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় দিদার হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে লাকসাম থানায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে দিদারের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাঁর অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। লাকসাম থানার সাব-ইন্সপেক্টর মাঈন উদ্দিন আদালতে দেওয়া প্রতিবেদনে মামলার বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন।
পুলিশ জানিয়েছে, দিদার হোসেনের বিরুদ্ধে মারধর করে ৫০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগে আরও একটি মামলা রয়েছে।
ওই মামলার এজাহার অনুযায়ী, গত ৩১ মে ইছাপুরা হাইস্কুলের সামনে এক ব্যক্তির পথরোধ করে তাঁকে মারধর করা হয়। পরে তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। একই রাতে ওই ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগও রয়েছে।
এ ছাড়া পুলিশের নথি অনুযায়ী, দিদার হোসেনের বিরুদ্ধে ২০২১ ও ২০২৪ সালের আরও দুটি মামলা রয়েছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলী বলেন, মামলার আসামি দিদারের অবস্থান তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোও যাচাই করা হচ্ছে।
গ্রেপ্তারের পর দিদার হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং মামলার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.