
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে দুবাই প্রবাসী হাবিবুর রহমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি। তাঁর দাবি, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা তুলে ধরতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে লাকসাম সুরক্ষা সিটির গ্রিন ক্যাসেল রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে হাবিবুর রহমান জানান, গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে আলেয়া বেগমের কাছ থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম সড়কের পাশে লাকসাম পূর্ব ইউনিয়নের ফুলগাঁও এলাকায় ১২ দশমিক ৭৫ শতক জমি বায়না চুক্তির মাধ্যমে ক্রয় করেন তিনি। পরবর্তীতে জমির দখল বুঝে নেওয়ার উদ্দেশ্যে জমির সীমানা নির্ধারণ ও পরিমাপের উদ্যোগ নেওয়া হয়।
এ সময় লাকসামের সার্ভেয়ার মোস্তাক আহম্মেদ ও আবদুল হান্নান সরেজমিনে উপস্থিত থেকে জমির পরিমাপ সম্পন্ন করেন বলে জানান তিনি। এতে অপরজনের একটি ভাবন তার ভাগের জায়গায় পড়ে যাওয়ায় অপর পক্ষ মানতে নারাজ হয়।
হাবিবুর রহমান আরও বলেন, পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। তবে জমির রাস্তার পাশের অংশের দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবু বক্কর নামে এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। তাঁর দাবি, মামলায় আনা অভিযোগ সত্য নয় এবং বিষয়টি নিয়ে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
তিনি জানান, মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্তাধীন রয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে সঠিক তথ্য বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চাচা মাহবুবুল হক, মোহাম্মদ হোসেন, চাচাতো ভাই ইমান হোসেন ও নজরুল ইসলাম। এছাড়া জমি বিক্রেতা আলেয়া বেগমও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.