লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে কুমিল্লার লাকসামে মৎস্য পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য পোনা অবমুক্তের মধ্য দিয়ে মৎস্য পক্ষের শুভ উদ্বোধন ঘোষণা করেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক এমপি আবুল কালাম।
সোমবার (১৭ আগস্ট) লাকসাম উপজেলা পরিষদের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন এমপি আবুল কালাম। পরে লাকসাম উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ মৎস্যচাষীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন তিনি।
এ বছর শ্রেষ্ঠ মৎস্যচাষী হিসেবে সম্মাননা ও সার্টিফিকেট অর্জন করেন লাকসাম পৌরসভার জিল্লুর রহমান ফারুক, আজগরা ইউনিয়নের আব্দুস সালাম এবং উত্তরদা ইউনিয়নের মো. ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৎস্যচাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এমপি আবুল কালাম বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয় ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, মৎস্যচাষীদের উৎসাহিত করতে তাদের কাজের স্বীকৃতি দেওয়া প্রয়োজন। শ্রেষ্ঠ চাষীদের সম্মাননা প্রদানের মাধ্যমে অন্যরাও মাছ চাষে আরও আগ্রহী হবেন এবং মৎস্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যচাষী, মৎস্যজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
