
লাকসাম (কুমিল্লা-৯) প্রতিনিধি:
আজ অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্রে শুরু হয়েছে ভোট গণনার কার্যক্রম।
সকাল ৯টার দিকে বিএনপির প্রার্থী আবুল কালাম নিজ কেন্দ্র পাশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন সাথে ছিল পরিবারের সদস্যরা। ভোটপ্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আল্লাহর রহমতে সবার দোয়ায় ধানের শীর্ষের জয় হবে।
এদিকে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী ডাঃ সরওয়ার সিদ্দিকী ভোট প্রদান করেন লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনেক কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা জানান, দুটি ব্যালটে ভোট প্রদান করতে গিয়ে নারী ভোটারদের সময় কিছুটা বেশি লাগছে। এ কারণে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। তবে বেশিরভাগ কেন্দ্রে বিকেল ৩টার আগেই পুরুষ ভোটারদের ভোটগ্রহণ প্রায় শেষ হয়ে যায়।
লাকসামের ইছাপুরা সেন্ট্রাল হাই স্কুল ভোটকেন্দ্রে দুপুরের দিকে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া উপজেলার অন্য কোনো ভোটকেন্দ্রে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতির কারণে সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ প্রায় ১৭ বছর পর অনেকেই মুক্তভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তারা জানান, এবার কোনো প্রার্থী বা পক্ষের ওপর নির্ভর না করে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তারা আনন্দিত। আইন শৃঙ্খলা বাহিনী ভোটের দিন কেন্দ্রগুলোতে খাবার বা পানির জন্য প্রার্থীদের দিকে তাকিয়ে থাকতে হয়নি; সরকারি ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সব সুবিধা ছিল।
বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমর্থকরা শান্তিপূর্ণভাবে একে অপরের সঙ্গে মিলেমিশে ভোটগ্রহণ কার্যক্রম উপভোগ করেছেন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল প্রশংসনীয়।
ভোটারদের মতে, অতীতের তুলনায় এবারের নির্বাচন ছিল অনেক বেশি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ। তাদের দাবি, লাকসামের ইতিহাসে এবারের নির্বাচন অন্যতম সেরা ও গ্রহণযোগ্য ভোট হিসেবে বিবেচিত হবে।
বর্তমানে সব কেন্দ্রেই ভোট গণনার কাজ চলছে। রাতের মধ্যেই কুমিল্লা-৯ আসনের সকল কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.