
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসাদুজ্জামান ভুট্টোর বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের গ্রাহকদের একাংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
অভিযোগকারী গ্রাহকদের একাংশ জানান, সম্প্রতি তাদের মিটিংয়ের জন্য ডেকে অফিসে তালা দিয়ে রাখার ঘটনা ঘটে। পরে তারা ব্যবসা পরিচালনার জন্য নতুন কমিটি গঠন এবং প্রতিষ্ঠানের আর্থিক হিসাব বুঝে নেওয়ার দাবি জানান। এ সময় তারা সুরক্ষা সিটির দ্বিতীয় তলায় অবস্থান করে ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টোর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য দেন।
অভিযোগকারীরা বলেন, প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। শেয়ারহোল্ডারদের স্বার্থে প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ এবং স্বচ্ছভাবে পরিচালনার দাবি জানান তারা। একই সঙ্গে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের দ্বারস্থ হওয়ারও ঘোষণা দেন।
তবে গ্রাহকদের এসব অভিযোগকে ‘মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টো।
তিনি বলেন, আব্দুল মালেক হিরনের নেতৃত্বে কিছু বিপথগামী গ্রাহক পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানকে বিব্রত করার উদ্দেশ্যে এসব অভিযোগ তুলছেন। তার দাবি, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সুরক্ষা সিটির জেনারেল মিটিং সম্পন্ন হয়েছে। এছাড়া শুক্রবার ও শনিবার প্রতিষ্ঠানের অফিস বন্ধ থাকে বলেও জানান তিনি।
আসাদুজ্জামান ভুট্টো আরও বলেন, যারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয় কয়েকজন গ্রাহক ও সংশ্লিষ্ট ব্যক্তি অভিযোগ করেন, সুরক্ষা সিটির ব্যবস্থাপনা ও আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। অনেকেই আসাদুজ্জামান ভুট্টোকে সুরক্ষার সৈরাচার বলে অ্যাখ্যায়িত করছেন।
অভিযোগের প্রকৃত কারণ ও প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করছেন গ্রাহকরা। তারা দ্রুত হিসাব-নিকাশ প্রকাশ এবং গ্রাহকদের অর্থ ও স্বার্থের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.