হিসাব চাওয়ায় বিনিয়োগকারীদের হুমকির দাবি এমডি আসাদুজ্জামান ভুট্টোর বিরুদ্ধে।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে বেসরকারি সুরক্ষা সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসাদুজ্জামান ভুট্টোর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, আর্থিক অনিয়ম ও বিনিয়োগকারীদের হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও সমাধান চেয়ে গত সোমবার উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ-সদস্যের কাছে স্মারকলিপি দিয়েছেন প্রতিষ্ঠানটির একদল বিনিয়োগকারী।
স্মারকলিপিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন আবদুল মালেক হিরন, মতিউর রহমান, মাওলানা আবু তাহের, ইমাম উদ্দিন মানিক, আবুল হোসেন পাটোয়ারী ও দেলোয়ার হোসেনসহ কয়েকজন বিনিয়োগকারী। বিষয়টি নিয়ে গত তিন দিন ধরে স্থানীয় পর্যায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এরই মধ্যে সমালোচনামূলক মন্তব্যের জেরে এক শিক্ষার্থীকে হত্যার হুমকি দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিনিয়োগকারীদের ভাষ্য অনুযায়ী, লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় প্রায় ২৮ শতাংশ জমির ওপর নয়তলা বাণিজ্যিক ভবনে ‘লাকসাম শিল্প পার্ক লিমিটেড’ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। শুরুতে এর শেয়ারহোল্ডার ছিলেন প্রায় ৯০০ জন। ২০১৭ সালে প্রতিষ্ঠানটিকে সুরক্ষা সিটি হাসপাতালে রূপান্তর করা হয়।
বিনিয়োগকারীদের কয়েকজনের অভিযোগ, প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময় ধরে ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমের পূর্ণাঙ্গ হিসাব তাদের দেওয়া হয়নি। তাদের দাবি, হিসাব ও প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জানতে একাধিকবার বৈঠক আহ্বানের অনুরোধ করা হলেও তাতে সাড়া মেলেনি। এতে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রম ও বিনিয়োগের নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বিনিয়োগকারী আবদুল মালেক হিরনের অভিযোগ, এমডি আসাদুজ্জামান প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। বিনিয়োগকারীদের অনুমতি বা পরামর্শ ছাড়াই প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের নিয়ন্ত্রণ তিনি এককভাবে করেছেন বলেও অভিযোগ করেন হিরন। তার দাবি, বিগত বছরগুলোতে প্রতিষ্ঠানের কোনো অডিটও সম্পন্ন করতে দেওয়া হয়নি।
হিরন আরও অভিযোগ করেন, প্রতিষ্ঠানের আর্থিক হিসাব চাইলে তাকে হুমকি-ধমকি, অস্ত্র প্রদর্শন ও মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানো হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার আসাদুজ্জামানের একটি লাইভ পোস্টে সমালোচনামূলক মন্তব্য করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাগর হোসাইনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাগর হোসাইন এ ঘটনায় থানায় অভিযোগ করার কথা জানিয়েছেন।
তবে বিনিয়োগকারীদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সুরক্ষা সিটি হাসপাতালের এমডি আসাদুজ্জামান ভুট্টো। তার ভাষ্য, প্রতিষ্ঠানের পরিচালক কমিটির সদস্যসংখ্যা ২০০-এর বেশি এবং এর মধ্যে ৫৫ জনের একটি অ্যাডহক কমিটি রয়েছে। আবদুল মালেক হিরনও ওই কমিটির সদস্য।
আসাদুজ্জামানের দাবি, কয়েক মাস আগে হিরন প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করেছেন। এ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তার ৪৫ হাজার টাকা সম্মানি বন্ধ করে দেওয়ায় হিরন পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছেন।
লভ্যাংশ দেওয়ার বিষয়ে এমডি বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর বিনিয়োগকারীদের মাসিক লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। এর মধ্যে পরিচালকদের ৫ হাজার টাকা এবং সাধারণ শেয়ারহোল্ডারদের ২ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
নিয়মিত বৈঠক না করার অভিযোগের বিষয়ে আসাদুজ্জামান বলেন, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সুরক্ষা সিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানের সপ্তম তলায় নিয়মিত অফিস করেন। বিনিয়োগকারীরা তাদের জামানত বা অন্য যেকোনো বিষয়ে সরাসরি অফিসে এসে প্রশ্ন করতে পারেন।
প্রতিষ্ঠানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
