
পুলিশিং কার্যক্রম জোরদার ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন গতি, মনোহরগঞ্জ থানার জন্যও গাড়ি দেওয়ার ঘোষণা
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলায় পুলিশিং কার্যক্রম আরও জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়াতে লাকসাম থানা পুলিশকে একটি নতুন পিকআপ ভ্যান উপহার দিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
নতুন এই যানবাহন যুক্ত হওয়ায় উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে পুলিশের নিয়মিত টহল, জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পিকআপ ভ্যানটি হস্তান্তর ও উদ্বোধন করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) এবং লাকসাম-মনোহরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সনদ বড়ুয়া।
এ সময় লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এমপি মো. আবুল কালাম বলেন, লাকসামে কোনো ঘটনা ঘটলে পুলিশ যেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য প্রয়োজনীয় যানবাহন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, জনবলের তুলনায় লাকসাম থানায় যানবাহনের সংখ্যা কম থাকায় পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে নানা ধরনের সমস্যায় পড়তে হয়েছে। অনেক সময় জরুরি প্রয়োজনে সিএনজি ভাড়া করে পুলিশ সদস্যদের চলাচল করতে হয়েছে। ফলে পুলিশের নিয়মিত টহল ও দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা তৈরি হতো।
এ কারণে পুলিশের তৎপরতা আরও বাড়ানো এবং উপজেলার সর্বত্র নিয়মিত টহল নিশ্চিত করার লক্ষ্যেই লাকসাম থানাকে পিকআপ ভ্যানটি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এমপি বলেন, নতুন গাড়িটি ব্যবহারের ফলে পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় আরও দ্রুত যেতে পারবেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে এবং অপরাধ প্রতিরোধেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করেন তিনি।
অনুষ্ঠানে চরাঞ্চলের অস্ত্রধারী ও বিভিন্ন অপরাধে জড়িতদের উদ্দেশে সতর্কবার্তা দেন এমপি আবুল কালাম।
তিনি বলেন, যারা চুরি, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে হবে।
সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে পরিকল্পিতভাবে কাজ করার কথাও জানান তিনি।
একই সঙ্গে তিনি ঘোষণা দেন, ভবিষ্যতে মনোহরগঞ্জ থানার পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করতে সেখানেও একটি গাড়ি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) বলেন, পিকআপ ভ্যানের স্বল্পতার কারণে লাকসাম থানা পুলিশের সদস্যদের সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষা এবং দূরবর্তী এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হতে হতো।
বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য মো. আবুল কালাম লাকসাম থানার জন্য একটি পিকআপ ভ্যানের ব্যবস্থা করেছেন। নতুন এই যানবাহন পুলিশের নিয়মিত টহল ও জরুরি দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশ সুপার এ উদ্যোগের জন্য সংসদ সদস্যকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
পরে, আনুষ্ঠানিকভাবে পিকআপ ভ্যানের চাবি পুলিশ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে নতুন গাড়িটি চালিয়ে এর কার্যক্রম দেখানো হয়।
এরপর লাকসাম থানা প্রাঙ্গণে থাকা বিভিন্ন পরিত্যক্ত ডোবা ও খালি জায়গা পরিদর্শন করেন সংশ্লিষ্টরা। এসব জায়গা ভরাট করে থানার নতুন ভবন নির্মাণ এবং পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থার উন্নয়ন করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নতুন পিকআপ ভ্যান যুক্ত হওয়ায় লাকসাম থানা পুলিশের নিয়মিত টহল, জরুরি সেবা, অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.