Site icon Doinik Bangla News

লাকসাম পৌরসভার ৬ নং ওয়ার্ডে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে লাকসাম পৌরসভার ৬ নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় ওয়ার্ড  বিএন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম–মনোহরগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা আবুল কালাম সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহম্মদ ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক । এছাড়াও উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা মহিলা দলের সভাপতি সাইকা মাকসুদ ও সাধারণ সম্পাদক কাউছার আক্তার পান্না।

জনসভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার আজ সংকটের মুখে। জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে মাঠে রয়েছে। তারা আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষা নিশ্চিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে জননেতা আবুল কালাম বলেন, লাকসাম ও মনোহরগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে নানা বঞ্চনার শিকার। তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহম্মদ বলেন, দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্য ও সংগঠিত শক্তিই বিএনপির বড় সম্পদ। সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন, ভোটারদের আস্থা অর্জনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার বিকল্প নেই।

এ সময় মহিলা দলের সভাপতি সাইকা মাকসুদ ও সাধারণ সম্পাদক কাউছার আক্তার পান্না নারী ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারীদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

জনসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জনসভা থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Exit mobile version