
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
আসন্ন লাকসাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দিয়েছেন লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দীর্ঘদিনের ত্যাগী নেতা মোশাররফ হোসেন মুশু। তিনি দাবি করেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে তিনি অসংখ্য মামলা, হামলা, গ্রেপ্তার, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। দলের দুর্দিনে মাঠে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার যোগ্য দাবিদার বলে মনে করেন।

ছবিঃ বিগত দিনে আন্দোলন সংগ্রামে সামনের সারিতে ছিলেন।
শুক্রবার (৩০ মে) সন্ধ্যা লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির প্রধান কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যের আগে নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য মো. আবুল কালাম। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছবিঃ বিগত দিনে আন্দোলন সংগ্রামে সামনের সারিতে ছিলেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে মোশাররফ হোসেন মুশু বলেন, “দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে আমি রাজপথে ছিলাম। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভোটাধিকার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। যার কারণে আমাকে বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। অসংখ্য মামলার আসামি হতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে এবং পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।”
তিনি আরও বলেন, “দলের দুর্দিনে যারা রাজপথে ছিল, নির্যাতন সহ্য করেছে এবং সংগঠনকে ধরে রাখতে কাজ করেছে, তাদের মূল্যায়ন করা উচিত। আমি বিশ্বাস করি, বিএনপি সবসময় ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে। সেই বিশ্বাস থেকেই আমি আসন্ন লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি।”
মোশারফ হোসেন মুশু বলেন, “লাকসাম পৌরবাসীর সুখ-দুঃখের সঙ্গী হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও নিজেকে সম্পৃক্ত রেখেছি। সুযোগ পেলে একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জনবান্ধব পৌরসভা গঠনে কাজ করবো। পৌর নাগরিকদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

ছবিঃ বিগত দিনে আন্দোলন সংগ্রামে সামনের সারিতে ছিলেন।
তিনি দলীয় হাইকমান্ড, স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ নেতাকর্মীদের প্রতি সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, “আমি সকলের কাছে দোয়া ও সমর্থন চাই। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই কাজ করবো। তবে আমি বিশ্বাস করি, আমার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও সংগ্রামের বিষয়টি দল গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।”
এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা মোশাররফ হোসেন মুশুর সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘দুর্দিনের মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘ত্যাগী নেতার মূল্যায়ন চাই’, ‘মুশু ভাইকে মেয়র হিসেবে দেখতে চাই’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে দলীয় কার্যালয় চত্বর।
নেতাকর্মীরা প্রধান অতিথি বিএনপির সংসদ সদস্য মো. আবুল কালামের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে আসা ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে। তারা মোশাররফ হোসেন মুশুকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য দলের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
উল্লেখ্য, আসন্ন লাকসাম পৌরসভা নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মোশাররফ হোসেন মুশুর এই ঘোষণা স্থানীয় রাজনৈতিক মহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.