
নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর বিল এলাকায় উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করার ঘটনাকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। একই ধরনের অভিযান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর মরুয়াদহ নদীতেও পরিচালনার দাবি উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, উত্তর মরুয়াদহ নদীতে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে। এসব জালে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে ধরা পড়ায় নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে থাকলেও নিয়মিত অভিযান না থাকায় অবৈধ জালের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে বলে অভিযোগ তাদের।
স্থানীয় জেলেদের একাংশ জানান, যদি মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে, তাহলে উত্তর মরুয়াদহ নদী থেকেও বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল উদ্ধার করা সম্ভব হবে। একই সঙ্গে অবৈধভাবে মাছ শিকার বন্ধ হলে নদীতে মাছের উৎপাদনও বৃদ্ধি পাবে।
এ বিষয়ে সচেতন নাগরিকরা বলেন, দেশের বিভিন্ন স্থানে যেভাবে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে, তেমনি সুন্দরগঞ্জের উত্তর মরুয়াদহ নদীতেও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযান পরিচালনা করা জরুরি। এতে নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, মাছের প্রজনন নিশ্চিত করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
স্থানীয়দের দাবি, উত্তর মরুয়াদহ নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে দ্রুত নিয়মিত অভিযান শুরু করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.