
সাত ধাপে ভোট, ২০২৭ সালের ২৭ মে শেষ ধাপের নির্বাচন
নিজস্ব প্রতিবেদক:
আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে দেশের ৬৩ জেলার ৮০টি উপজেলার সব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ইসি সানাউল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ধাপে ধাপে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে আগামী ১২ নভেম্বর ৮০টি উপজেলার সব ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে উপনির্বাচনের কারণে ঠাকুরগাঁও জেলায় প্রথম ধাপে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে না। এ জেলা দ্বিতীয় ধাপে অন্তর্ভুক্ত থাকবে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, মোট সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হবে। দ্বিতীয় ধাপে আগামী ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। এরপর ২০২৭ সালের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপ, ৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপ, ২২ এপ্রিল ষষ্ঠ ধাপ এবং ২৭ মে সপ্তম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বিভিন্ন পরীক্ষা, দুর্গাপূজা, রমজান ও ঈদের সময় বিবেচনায় নিয়ে সাত ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তবে এটি প্রাথমিক সিদ্ধান্ত। আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃবিভাগীয় বৈঠকের পর নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে।
তিনি আরও জানান, দেশের মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়নের মধ্যে প্রায় ৪ হাজার ২৭২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারণের পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশনের এ পরিকল্পনা চূড়ান্ত হলে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম এগিয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2026 Doinik Bangla News. All rights reserved.