Site icon Doinik Bangla News

ফ্যামিলি কার্ডের আদলে স্টুডেন্ট কার্ড চালুর আহ্বান কুমিল্লা মহানগর বিএনপি নেতা ইশতিয়াক সরকার বিপুর

স্টাফ রিপোর্টার:

ফ্যামিলি কার্ডের আদলে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট কার্ড চালুর আহ্বান জানিয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির নেতা ইশতিয়াক সরকার বিপু। তিনি মনে করেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হলে দেশের শিক্ষা ব্যবস্থার আরও প্রসার ঘটবে এবং দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা উপকৃত হবে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া ফ্যামিলি কার্ড ইতোমধ্যে সারাদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এই কার্ড হাতে পেয়ে দেশের সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা আবেগ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকের কাছে এটি যেন “সোনার হরিণ” পাওয়ার মতো।

ইশতিয়াক সরকার বিপু অভিযোগ করে বলেন, বিগত সরকারের ভুল শিক্ষা নীতির কারণে বাংলাদেশের অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়েছে। আর্থিক সংকটের কারণে বহু শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে পড়ছে। দরিদ্র পরিবারগুলো তাদের সন্তানদের পড়াশোনা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছে।

তিনি আরও বলেন, ঠিক এই সময়ে ফ্যামিলি কার্ডের মতো শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট কার্ড চালু করা হলে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এই কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা বই-খাতা কেনা, চিকিৎসা সুবিধা, খাবার এবং যানবাহনের ভাড়াসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে পারে।

তিনি আশা প্রকাশ করে বলেন, বিষয়টি প্রধানমন্ত্রী সুদৃষ্টি দিয়ে বিবেচনা করবেন এবং শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

Exit mobile version