Site icon Doinik Bangla News

লাকসামে অটোরিকশা চালক হত্যা মামলায় বিশেষ অভিযানে আসামি গ্রেফতার

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে ওই আসামি।

নিহত মোরশেদ আলম (২৪) মনোহরগঞ্জ উপজেলার ডাবুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। পুলিশ জানায়, তাকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে। অভিযানে মনোহরগঞ্জ উপজেলার মান্দারগাঁও পশ্চিমপাড়া এলাকার মিজি বাড়ির মৃত আনিছ মিয়ার ছেলে মো. হাবিব ওরফে সবুজকে গ্রেফতার করা হয়।

লাকসাম থানার তদন্ত কর্মকর্তা এসআই মংছাই মার্মার নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার আশুলিয়া থানার মধ্য ডেনদাবর এলাকায় অভিযান চালায়। সেখানে আসামির ভাড়া বাসা থেকে গত ২৮ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে তাকে আটক করা হয়।

পরে গ্রেফতারকৃত আসামিকে কুমিল্লা আদালতে হাজির করা হলে আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করে। এরপর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হত্যাকাণ্ড ও ছিনতাইয়ের পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কিনা তাও তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় নিহতের পরিবার জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Exit mobile version