Site icon Doinik Bangla News

লাকসামে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ঈদ জামাতের প্রস্তুতি।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে এরই মধ্যে প্রকৃতির বৈরী আচরণে ঈদের আনন্দে কিছুটা ভাটা পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আজ দুপুর থেকে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে লাকসামের প্রধান প্রধান ঈদ জামাতের মাঠগুলো। ঝড়ের তাণ্ডবে বিভিন্ন স্থানে ঈদের জামাতের জন্য নির্মিত প্যান্ডেল ভেঙে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী কয়েকদিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এবারের ঈদ উৎসব বৃষ্টির মধ্যেই উদযাপন করতে হতে পারে বলে ধারণা করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

লাকসাম পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঈদ জামাতের প্রস্তুতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে লাকসাম উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য প্রধান ঈদ জামাত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অতিবৃষ্টি ও ঝড়ের কারণে মাঠের পরিবেশ অনুকূলে না থাকায় বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে।

এদিকে, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রাও ব্যাহত হচ্ছে বৃষ্টির কারণে। সড়কে জলাবদ্ধতা ও দুর্ভোগ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

স্থানীয়দের আশঙ্কা, আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Exit mobile version