Site icon Doinik Bangla News

কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে বার্ষিক দোয়া, ২০২৫ সালের অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানটির সভাপতি মু. রেজা হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (শিক্ষা) ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাইয়াজ খান।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার রায়, প্রভাষক আতিকুল্লাহ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬-এর আহ্বায়ক ভাস্কর মো. সামিউল আলম। এ সময় তিনি প্রধান ও বিশেষ অতিথির হাতে নিজের আঁকা প্রতিকৃতি ও প্রতিষ্ঠানের একটি পেইন্টিং তুলে দেন।
প্রধান অতিথি মু. রেজা হাসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনই একজন শিক্ষার্থীকে প্রকৃত অর্থে সফল মানুষ হিসেবে গড়ে তোলে।” তিনি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানান এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জানানো হয়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৪৫১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়া বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২১৬ জন এবং ২০২৫ সালের অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ৪২ জন শিক্ষার্থীকে মেডেল ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শাহাদাত হোসেন ও প্রভাষক নিশাত সুলতানা জেরিন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Exit mobile version