Site icon Doinik Bangla News

লাকসামে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা, সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা, সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসন, লাকসামের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা ।

সভাপতির বক্তব্যে ইউএনও নার্গিস সুলতানা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে এ ইতিহাস সঠিকভাবে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, শহীদদের আত্মত্যাগ, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের অবদান এবং দেশ গঠনে নতুন প্রজন্মের দায়িত্ব নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মল্লিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা আল আমিন,উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দুপুরে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া, প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া বিকেলে ইতিহাস-ঐতিহ্যের অন্যতম নিদর্শন লাকসাম নওয়াব ফয়েজুন্নেছা স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাদুঘর পরিদর্শন করে নওয়াব ফয়েজুন্নেছার জীবন, কর্ম ও ঐতিহাসিক অবদান সম্পর্কে জানার সুযোগ পান।

দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, তাদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন এবং আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Exit mobile version